নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামীকাল থাকব কী-না জানি না। মৃত্যু বলে আসে না। কোন বয়সে মৃত্যু আসবে জানি না। পৃথিবীতে একটাই সত্য, আমাদের যেতে হবে। এটা আমরা কেন যেন বিশ্বাস করতে পারি না। এটা বিশ্বাস করলে মনুষ্যত্ব কমে না। সারা দেশে আজ মনুষ্যত্বের অভাব। একদিকে মানবাধিকারের কথা বলে আরেকদিকে গাজায় মানুষদের মারছে। আমরা ধর্মও পালন করি আবার গোডাউনে সব জমা করি বেশি লাভ করতে। আমি দোয়া চাই আপনাদের কাছে।
শনিবার (২৩ মার্চ) সূতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জের টাউন হলে (জিয়া হল) জাতির পিতা ছয় দফা ঘোষণা করেছে। আমার বাবা এটার সভাপতিত্ব করেছিল। এটার কাগজ পেয়েছি আমরা। এখানে একটি খোলা মাঠ হবে ও মিউজিয়াম হবে। আমাদের পূর্ব পুরুষরা যাই করে গেছে তাদের স্মৃতি আমরা সেখানে ধারণ করে রাখব। এটাই বোধহয় মানুষের সবচেয়ে বড় কাজ।
তিনি বলেন, আমরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক করছি, জুন মাসে শেষ হবে। এটা অত্যন্ত দৃষ্টিনন্দন রাস্তা হবে। এর পরেই বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। মেডিকেল কলেজ হবে। শেখ কামাল আইটি ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউটের কাজ শুরু হয়ে গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কাজও খুব দ্রুত হয়ে যাবে।
'সড়কটি ১২০ ফুট চওড়া হবে। আজ আট বছর নারায়ণগঞ্জ ক্লাবের পাশে বিল্ডিংটি পড়ে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কাগজ দিয়েছি। এটা হওয়ার পথে। আমি চাই এখানে হার্ট ও নিউরো ইনস্টিটিউট করব। দোয়া করবেন এটা যেন করতে পারি।'
শামীম ওসমান বলেন, আমার মায়ের নামে নাগিনা জোহা সড়কের কাজ হয়েছে। আমি ব্যবসায়ীদের দাওয়াত দিচ্ছি। নাগিনা জোহা সড়কের পাশে ইউরোপের মতো করে ওয়াকওয়ে করার জন্য চেষ্টা করছি। আমি মেয়রকে বলেছিলাম এখান দিয়ে দুটো ট্রেন ঢুকবে। আমি মেয়রকে অনুরোধ করব কাগজটা দেন। এ ট্রেনটা যেন চাষাঢ়া পর্যন্ত থাকে। দুটো ট্রেন শহরে ঢুকলে শহর চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
এ ছাড়াও শামীম ওসমান সেলিম ওসমানের জন্য দোয়া চেয়ে বলেন, তিনি অসুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘরে গিয়েছেন। আমরা সবাই মিলে কাজ করছি দেখে অনেকের সমস্যা হচ্ছে। তারা সামনে ঝামেলা করবে। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জকে আমি পিওর পানির প্রকল্পের আওতায় নিয়ে আসব। প্রয়োজনে শহর ও বন্দরও এটার আওতায় আসবে। মানুষ মানেই ভুল করে। শয়তান ও ফেরেশতা শুধু ভুল করে না। মানুষ হিসেবে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। দোয়া করবেন যেন মানুষকে খুশি করতে পারি।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।