নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ কর্মীদের ছুরিকাঘাতে জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন কায়েমপুর মাদবর ওই এলাকার আব্দুর রহমানের ছেলে ও জামায়াত ইসলামীর ফতুল্লা ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের সভাপতি।
আহত জসিশের ভাষ্য, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী যুবলীগকর্মী শাহাদাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি দলবল নিয়ে আমাকে ফলো করতে থাকেন। এর মধ্যে বৃহস্পতিবার রাত ৯টায় আমার বাড়ির কাছেই দলবল নিয়ে পথরোধ করেন। এরপর শাহাদাৎ আমাকে বলেন বিভিন্ন মামলায় তুই আমার নাম দিয়েছিস। এখন হিসেব নে বলে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে চলে যান। তখন আশপাশের লোকজনে সহযোগিতায় স্বজনরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবারও তিনি হামলা চালান এবং মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান। পরে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আমাকে চিকিৎসা দেওয়া হয়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহাম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলাকারী অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।