চলছে রমজান মাস। এই সময়ে ইফতারে নানা রকম ভালমন্দ খাবার বানানো হয় বাড়িতে বাড়িতে।
সারাদিন না খাওয়া পর ইফতারে অন্যান্য খাবারের তুলনায় মিষ্টি খাবার টানে সবাইকে। ইচ্ছা করলে কিন্তু খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন শাহি টুকরা।
দেওয়া হল শাহি টুকরার রেসিপি।
উপকরণ
দুধ: ১ লিটার
কনডেন্সড মিল্ক: আধ কাপ
পাঁউরুটি: ৪ টুকরা
ঘি: ৫ চামচ
তেল: ৫-৬ চামচ
এলাচ গুঁড়ো: এক চামচ
কেশর: পরিমাণ মতো
কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ: স্বাদমতো
রান্নার নিয়ম
একটি কড়াইয়ে ঘি গরম করে টুকরা করে রাখা কাজু আর কাঠ বাদাম হালকা করে ভেজে নিন। শেষে কিশমিশ দিয়ে একটু নেড়ে নিন। একটি বাটিতে নামিয়ে নিয়ে আলাদা করে রেখে দিন।
এর পরে পাউরুটির পিসগুলোকে তিন কোনা করে কেটে একটি পাত্রে ঘি দিয়ে লাল করে ভেজে নিন। এরপর আরেকটি পাত্রে এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে আধা লিটার করে নিন। দুধ ঘন হয়ে গেলে তাতে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে মিশ্রণটি আরও মিনিট পাঁচেক ঘন করে নিন। বার বার নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যাতে দুধ পাত্রের গায়ে না লেগে যায়।
মিশ্রণটি বেশ ঘন হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। একটি থালায় ভেজে রাখা পাউরুটিগুলি সাজিয়ে নিন। তার উপর ঘন দুধের ভাল করে মিশ্রণটি ছড়িয়ে দিন। উপর দিয়ে দিন কাজু, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহি টুকরা।