চলছে ‘শয়তানি’, ‘শয়তান’ ঝড়ের প্রভাব ৭ সিনেমায় 

বক্স অফিসে এখন ‘শয়তান’-এর শয়তানি চলছে। আর সেটা চলছে বেশ জোর কদমেই। ‘শয়তান’-এ মাত্র ১০ দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছে যান অজয় দেবগন। আর ১৫ দিনের মাথায় সিনেমার ব্যবসা দাঁড়িয়েছে ১২০ কোটিতে। ‘শয়তান’-ঝড়ের প্রভাব পড়েছে যোধা, কুংফু পান্ডার মতো ৭টি সিনেমার ব্যবসায়।

গতকাল শনিবার বক্স অফিসে এই সিনেমার ব্যবসায় আরও ৪.৩ কোটি রুপি যুক্ত হয়েছে। আর তাতে দেশীয় বক্স অফিসে আয় দাঁড়িয়েছে ১২০.৯৫ কোটি। আর গত ১৫ দিনে বিশ্বব্য়াপী এই সিনেমার আয় দাঁড়িয়েছে ১৬৭ কোটি টাকা।

এর আগে শুক্রবার, বলিউড বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক্স (পূর্বে টুইটার) এ শয়তানের দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান দিয়েছেন। তরণ আদর্শ লিখেছেন ‘শয়তান সম্প্রতি মুক্তি পাওয়ার পরও ধীরে চলার মেজাজেই নেই। সপ্তাহ ২-এ এটা দারুণ একটা স্কোর করেছে।’ 

কৃষ্ণদেব ইয়াগনিক পরিচালিত ‘শয়তান’ ২০২৩ সালের গুজরাটি হরর ফিল্ম ভাশের হিন্দি রিমেক। এটি প্রযোজনা করেছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিও।

সিনেমার গল্প আবর্তিত হয় একটা দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর রাত ঘিরে। যখন একজন অনাহূত অতিথি (আর মাধবন) পাহাড়ে থাকা একটি প্রত্যন্ত ফার্মহাউসে বসবাসকারী এক পরিবারের মধ্যে ঢুকে পড়ে। ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর আর অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা। খল চরিত্রে রয়েছেন আর মাধবন।