ঝড়-বৃষ্টির মধ্যেও একদিনে ৩ আগুন

গতকাল শনিবার রাতেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বৃষ্টি হয়েছে। এতে আজকের তাপমাত্রা ছিল কম। আজ রবিবার বিকেলেও বৃষ্টিপাত হয়েছে। এমন আবহাওয়ার মধ্যেও গত রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশের তিন জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার।

রবিবার বিকেলে ৪টার দিকে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে আগুন লাগে। আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে। তবে বস্তির অনেকগুলো ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমান জানাতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

এর আগে দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় আগুন লাগে। সন্ধ্যায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে গাউছিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের প্রায় শতাধিক দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।