আউটডোর বিজ্ঞাপন শিল্পে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

আউটডোর বিজ্ঞাপন শিল্পে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই শিল্পে কর্মীদের প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর ব্যবহার, ঝুঁকি মূল্যায়ন ও নিয়মিত তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, বিলবোর্ড স্থাপন, মেরামত ও বিজ্ঞাপনের ডিজিটাল প্রিন্ট পরিবর্তনের মতো কাজে উচ্চতা থেকে পড়ে যাওয়া, বৈদ্যুতিক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘নিরাপদ কর্মক্ষেত্র, সুস্থ কর্মী-নিরাপদ আউটডোর বিজ্ঞাপন শিল্প’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ বিলবোর্ড এডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএওএ) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় এসব বিষয়ে গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেন, নিজের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক মালিকের একান্ত দায়িত্ব। বিলবোর্ড স্থাপন, রক্ষণাবেক্ষণ ও অপসারণের কাজে কর্মীদের রাস্তার পাশে এবং ২০ থেকে ৫০ ফুট উচ্চতায় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই এসব কাজে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মালিক ও কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

কর্মীদের নিরাপত্তাসামগ্রী ব্যবহারে অভ্যস্ত হতে হবে এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পরিবারসহ সকল জায়গায় কাজে লাগিয়ে আউটডোর বিজ্ঞাপন শিল্পে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিশেষ নির্দেশিকা উপস্থাপন ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ পরিচালানা সর্ম্পকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা দেবব্রত বলেন, দেশের নগর ও মহাসড়কে বিলবোর্ড, ডিজিটাল বিলবোর্ড, এলইডি স্ক্রিন, নিয়ন সাইন, ইউনিপোলসহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কাঠামোর ব্যবহার বাড়ছে। এসব স্থাপন, রক্ষণাবেক্ষণ ও প্রচারসামগ্রী পরিবর্তনের কাজে নিয়োজিত কর্মীদের অনেক সময় ৩০ থেকে ৫০ ফুট উচ্চতায় কাজ করতে হয়। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া এসব কাজ প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ জরুরি।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে এফবিসিসিআইয়ের সেফটি কাউন্সিলের প্রতিনিধি সাখাওয়াত হোসেন বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেফটি হেলমেট, ফুল বডি সেফটি হারনেস, সেফটি শুট, গ্লাভস, সুরক্ষাচশমাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিলবোর্ডের কাঠামোর প্রকৌশলগত মান, ওয়েল্ডিংয়ের গুণগত মান, বৈদ্যুতিক সংযোগ, আর্থিং ও অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়মিত পরীক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শুধু সুরক্ষাসামগ্রী সরবরাহ করলেই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয় না জানিয়ে কর্মশালায় বক্তারা বলেন, এসব সামগ্রীর সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। প্রতিটি কাজ শুরুর আগে ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা যাচাই এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া জরুরি। রাস্তার পাশে কাজের ক্ষেত্রে সতর্কতামূলক সংকেত, নিরাপত্তা বেষ্টনী ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে।

এছাড়া ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিংবা অতিরিক্ত বাতাসের মতো প্রতিকূল আবহাওয়ায় উচ্চতায় কাজ বন্ধ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তানীতি প্রণয়ন, নিয়মিত প্রশিক্ষণ, কর্মক্ষেত্র পরিদর্শন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে দুর্ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং জরুরি যোগাযোগব্যবস্থা প্রস্তুত রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা।

আয়োজকরা মনে করেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং একটি দায়িত্বশীল ও টেকসই বিজ্ঞাপনশিল্প গড়ে তোলার পূর্বশর্ত। এ জন্য এফবিসিসিআই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

কর্মশালায় সদস্য প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিরাপত্তানীতি গ্রহণ, উচ্চতায় কাজের আগে ঝুঁকি মূল্যায়, কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহ এবং নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ ও পরিদর্শনের ব্যবস্থা চালু রাখার প্রত্যাশা করা হয়।

তাছাড়া ব্যবসায়িক কাজের সময়সীমার চেয়ে কর্মীর জীবন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আউটডোর বিজ্ঞাপনশিল্পকে আরও নিরাপদ করে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিলবোর্ড এডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএওএ) সভাপতি মিজানুর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত