সোনাগাজীতে দোকানির ছুরিকাঘাতে ক্রেতার মৃত্যু

ফেনীর সোনাগাজীতে দোকানির ছুরিকাঘাতে রবিউল হক ছোটন নামে এক ক্রেতা নিহত হয়েছে। ঘটনাটি রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাসস্ট্যান্ডে ঘটে। নিহত ছোটন ভাদাদিয়া গ্রামের কালা মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ দোকান কর্মচারী মোহাম্মদ মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঘটনার সূত্রপাত নিয়ে  প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিহত ছোটন ইফতারের পূর্বে  মতিগঞ্জ বাসস্ট্যান্ডের ছাপওয়ান স্টোরের মালিক মো. নিলয়েরর কাছে মালামাল কিনতে যায়। পূর্বের টাকা বাকি থাকায় দোকানি নিলয় বাকিতে মালামাল বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানি নিলয়কে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে। পরে নিলয় তার বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়কে ফোন করে ডেকে নিয়ে আসলে ছোটন হৃদয়কেও কিলঘুষি মারে। একপর্যায়ে হৃদয় দোকানে থাকা ছুরি নিয়ে ছোটনের বুকে-পেটে উপুর্যপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাইয়ের স্ত্রী বিবি আমেনা বলেন, ইফতারি কিনতে বাজারে গেলে আমার স্বামীর ছোট ভাই ছোটনকে পূর্ব শত্রুতার জেরে হ্নদয় ও নিলয় পরিকল্পিতভাবে হত্যা করে।

অভিযুক্ত দুই সহোদর আরিফুল ইসলাম হ্নদয় ও মোহাম্মদ নিলয় একই গ্রামের লাল খান মিয়ার বাড়ির টাইগার বাবুলের ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্যে জানা গেছে দোকানের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সূত্রে ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দোকান কর্মচারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।