রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। গতকাল রোববার জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বৈঠকের পর এ তথ্য জানান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী। খবর রয়টার্স।
এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারকে কেন্দ্র করে এবং আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘
প্যারিসে অলিম্পিক গেমসের আয়োজন হওয়ার কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হল দেশটিতে।
ফ্রান্সে সন্ত্রাসী হামলার হুমকিসংক্রান্ত সতর্কব্যবস্থার তিনটি মাত্রা আছে। ফ্রান্সে অথবা বিদেশে কোনো হামলা হলে বা হামলা অত্যাসন্ন বলে আশঙ্কা করা হলে সর্বোচ্চ মাত্রার সতর্কসংকেতটি সক্রিয় করা হয়।
সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারির আওতায় গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। যেমন রেলস্টেশন, বিমানবন্দর, ধর্মীয় স্থান ও বিভিন্ন জনসমাগমের জায়গায় সশস্ত্র বাহিনীর টহল জোরদার করা হয়।