মন্দার কবলে ফ্রান্সের অর্থনীতি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ক্রমবর্ধমান ঋণের সুদ, রাজনৈতিক অচলাবস্থা ও দেশজুড়ে বিক্ষোভের মধ্যে মন্দার কবলে পড়েছে ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্স। নতুন সংশোধিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক—উভয় সময়েই দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে। ফলে অর্থনীতির প্রচলিত সংজ্ঞা অনুযায়ী, কারিগরি মন্দায় (টেকনিক্যাল রিসেশন) পড়েছে দেশটি। খবর দ্য টেলিগ্রাফ। 

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে ০ দশমিক ২ শতাংশ। এর আগে এই সংকোচনের প্রাক্কলন করা হয়েছিল ০ দশমিক ১ শতাংশ।

সংশোধিত হিসাব অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকেও দেশটির অর্থনীতি ০ দশমিক ০২ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগে ওই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য শতাংশ বলে ধারণা করা হয়েছিল। চলতি বছরের প্রথম তিন মাসেও ফ্রান্সের অর্থনীতি ০ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছিল।

প্রায় দুই মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অর্থনীতির এই দুরবস্থা দেখা দিয়েছে। এর পাশাপাশি সরকারি ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। গত মাসে ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৫ শতাংশ ছাড়িয়ে যায়, যা ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

নেদারল্যান্ডসভিত্তিক ব্যাংক আইএনজির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শার্লট দ্য মন্টপেলিয়ের সতর্ক করে বলেছেন, ২০২৬ সালে ফ্রান্সের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ১ শতাংশ হতে পারে। বিপরীতে, বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে যুক্তরাজ্যের অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। 

ইউরোপের বড় অর্থনীতিগুলোর মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যের প্রবৃদ্ধির গতি বাড়লেও ফ্রান্সের অর্থনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

মন্টপেলিয়ের বলেন, ২০২৭ সালেও ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই ক্ষীণ। গত এক বছরে দেশটিতে বেতনভুক্ত কর্মসংস্থান কমেছে ৯৪ হাজার ৪০০টি। বেসরকারি খাতে পরিস্থিতি আরও খারাপ; একই সময়ে সেখানে ১ লাখ ৯ হাজার কর্মসংস্থান হারিয়েছে।

তিনি আরও বলেন, শ্রমবাজারের দুর্বলতা ক্রমেই মানুষের ভোক্তা আস্থা, আয় ও ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে ঋণ নেওয়ার কঠিন পরিস্থিতি এবং ভবিষ্যতে কর ও সরকারি ব্যয় নিয়ে চরম অনিশ্চয়তা অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে।

এদিকে চলতি বছর ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। ইউরোজোনের দেশগুলোর মধ্যে এটিই হবে সর্বোচ্চ ঘাটতি।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী বছর ক্ষমতা ছাড়ার আগে দেশটির সংবিধানে সরকারি ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিধান যুক্ত করতে চাইছেন। আগামী বছরের এপ্রিলের শেষ দিকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মে মাসে তাঁর ক্ষমতা ছাড়ার কথা রয়েছে।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও অর্থনৈতিক সংকট বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জনমত জরিপে কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন এগিয়ে রয়েছেন। তাঁর সমর্থন দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর প্রায় দ্বিগুণ। 

মন্টপেলিয়েরের মতে, 'দুর্বল অর্থনীতির প্রেক্ষাপটেই ভোটারদের নির্বাচনে অংশ নিতে হতে পারে। আগামী কয়েক প্রান্তিকে দেশের অভ্যন্তরীণ চাহিদায় উল্লেখযোগ্য পুনরুদ্ধার ঘটাতে পারে—এমন কোনো শক্তিশালী চালিকাশক্তি খুঁজে পাওয়া কঠিন। অর্থনৈতিক গতি ছাড়াই নতুন বছরে প্রবেশ করবে ফ্রান্স। ত্রৈমাসিক হিসাবে প্রবৃদ্ধি সামান্য ইতিবাচক হলেও তা বছরজুড়ে শক্তিশালী প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে না।'

মন্টপেলিয়েরের পূর্বাভাস, ২০২৭ সালে ফ্রান্সের গড় জিডিপি প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ৪ শতাংশ হতে পারে। আর এই পূর্বাভাসের ঝুঁকি এখনো নিম্নমুখী। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।

সর্বশেষ সর্বাধিক পঠিত