'তামিম এখন না খেললে সামনের বছর কি হবে কেউ বলতে পারে না'

জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে তামিম ইকবালের কর্মকাণ্ডে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই সাবেক অধিনায়ককে দিয়েছেন কঠিন বার্তা। একই সঙ্গে পাপন জানান, আগামী বছর তামিম ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তখন পরিস্থিতি হতে পারে ভিন্ন।

দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পাপন কথা বলেন তামিম ইস্যু নিয়ে। বিসিবি সভাপতি বলেন, ‘সামনের বছর কী হবে সেটা তামিম ঠিক করলে তো হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বোর্ড।’ 

বিপিএল, ডিপিএলে দারুণ ছন্দে থাকা তামিমের এখনই দলে ফেরা উচিত বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সবচেয়ে ফিট। এখন না খেললে সামনে বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত ওর। এরকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’

ছন্দে থাকা তামিমকে পেতে বিসিবি সভাপতির উপস্থিতিতে আবারও আলোচনায় বসবে বোর্ড কর্তারা। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিম সবসময় জালাল ভাইয়ের সঙ্গেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসবো।’