চিকিৎসা নিতে সিঙ্গাপুরে সোহেল রানা

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন সোহেল রানা। রুটিন চেকআপের পাশাপাশি এবার চোখের চিকিৎসা করাতে গতকাল রাতের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন তিনি। 

সোহেল রানা বলেন, ‘এক দিন বিশ্রাম নিয়ে তারপর চিকিৎসকের কাছে যাব। খুব একটা সমস্যা নেই। আশা করছি এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

১৯৭২ সালে চলচ্চিত্র প্রযোজক হিসেবে সিনে জগতে প্রবেশ করেন সোহেল রানা। চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমাটি প্রযোজনা করেন তিনি। এরপর ১৯৭৩ সালে তিনি অভিনয় শুরু করেন। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ওই সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।