সবাই বলাবলি করছিল ‘ওই যে নায়িকা’: পূজা

সদ্যই মুক্তি পেয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার টিজার। এতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্সতারকা পূজা ক্রুজ। সিনেমাটির শুটিং পুরোদমে শেষ না হলেও গানসহ বেশ কিছু অংশের দৃশ্যয়ায়ন এখনও বাকি রয়েছে।

এর আগে দামাল সিনেমায় অভিনয় করলেও ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়েই বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে পূজার। দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নায়িকা হিসেবে এটাই আমার অভিষেক সিনেমা হতে যাচ্ছে। অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম একটা ভালো প্রজেক্টের। অবশেষে এরকম একটা প্রজেক্ট এল এবং গল্প শুনে, স্ক্রিপ্ট পড়ার পর মনে হলো এটা দিয়েই শুরু করা যেতে পারে। স্বপ্ন সত্যি হতে যাচ্ছে অবশেষে।’ 

Puja Cruze 3-ddr

 টিজারের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ভালো সাড়া পাচ্ছি। সবাই বেশ ইতিবাচক মন্তব্য করছেন। তবে সবাই শুধু একটাই প্রশ্ন করছেন, টিজারে আমাকে এত কম দেখা গেল কেন! সবাইকে তো আর ব্যাখ্যা করতে পারব না। সিনেমাটা হলে গিয়ে দেখার পরই সবাই প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন।’

রাজধানী ঢাকা, ময়মনসিংহ, জামালপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা বেশ চমৎকার জানিয়ে এই নবাগতা বলেন, ‘অভিজ্ঞতা খুবই ভালো। তবে পুরো শুটিংয়ে অস্থির একটা সময় পার করেছি। যখন জামালপুরে শুটিং করি সে সময়ের অভিজ্ঞতা বেশ মজার ছিল। আমরা যখন আউটডোরে শুটিং করছিলাম তখন অনেক মানুষ জড়ো হয়েছিল সেখানে। প্রচুড় ভিড় জমে যায় শুটিং দেখতে। আর সবাই বলাবলি করছিল, ‘ওই যে নায়িকা! এরা সিনেমার শুটিং করে’। আমাকে (নায়িকাকে) দেখার জন্য তারা অস্থির হয়েছিল। তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, মজা পেয়েছি অনেক।’

Puja Cruze

পূজা জানান, খুব ছোটবেলা থেকেই তার নায়িকা হবার শখ ছিল। কলেজে পড়ার সময়েই সিনেমার প্রস্তাব পেয়েছিলেন, শাকিব খানের বিপরীতে অভিনয় করার কিন্তু তখন তিনি ফিরিয়ে দেন। তিনি বলেন, ‘সেসময় আমি অনেক কিছুই বুঝতাম না। শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমার প্রস্তাব পেয়েছিলাম এক প্রযোজকের কাছ থেকে। এরপর আমাদের যেদিন মিটিংয়ে বসার কথা ছিল সেদিন আমি আর যাইনি। ফোন বন্ধ করে রেখেছিলাম। তখন তো ছোট ছিলাম। তবে এখন কাজ করতে চাই। সত্যি বলতে শাকিব খানের সঙ্গে কাজ করতে চাই।’   

Puja cruze

মার্ডার মিস্ট্রির গল্পে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি পরিচালনা করছেন সানী সানোয়ার। এতে পূজাকে দেখা যাবে এশা চরিত্রে। অন্যদিকে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন আজমেরী হক বাঁধন। এছাড়া আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, নিবিড় নাহিদ, নওবা তাহিয়া প্রমুখ।

উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮-এর সেরা আটে ছিলেন পূজা। প্লাটফর্মটি থেকে বেরিয়ে র‍্যাম্প এবং মডেলিং নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। নাটকে অভিনয়ের বহু প্রস্তাব থাকলেও তিনি সেসব ফিরিয়ে দেন। তার লক্ষ্য একটাই সিনেমা।