রনির তাণ্ডবে মাশরাফীর রূপগঞ্জকে হারাল মোহামেডান

ডিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে তাণ্ডব চালিয়েছিলেন রনি তালুকদার। সঙ্গে তাল মেলান মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের ঝড়ো ব্যাটিংয়ের কাছে হার মানে শামীম হাসান পাটোয়ারির ফিফটি। তাতে মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬ উইকেটে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সোমবার ফতুল্লায় টসে জিতে রুপগঞ্জকে আগে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। রূপগঞ্জের হয়ে ৮০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান আসে শামীমের ব্যাট থেকে। তার বিদায়ের পর খুব দ্রুত গুটিয়ে যায় তাদের ইনিংস। আমিনুল ইসলাম ২৬ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান করেন ২৫ রান। এছাড়া মাশরাফী করেন ২২ রান। শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৮ রানে অলআউট হয় রুপগঞ্জ।

মোহামেডানের হয়ে ৩টি করে উইকেট শিকার নেন নাসুম আহমেদ ও মোহাম্মদ আসিফ হাসান। ২টি উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

১৭৯ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা সুখকর হয়নি মোহামেডানের। মাত্র  ৭ রানের মধ্যেই  ইমরুল কায়েস এবং প্রান্তিক নওরোজ নাবিলের উইকেট হারায় তারা। তবে সেখান থেকে দলকে টেনে তুলে নেন রনি-অঙ্কন। তাদের ১৩০ রানের জুটিতেই জয়ের ভিত পায় মোহামেডান। ৭৮ বলে ৫৯ রান করে অঙ্কন বিদায় নিলে ভেঙে যায় এই জুটি। এরপর আরিফুল ইসলাম ৬ রানে ফিরলেও মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রনি। রিয়াদ অপরাজিত থাকেন ৯ রানে। আর রনির ব্যাট থেকে আসে ১১৪ বলে ৭ চার এবং ৪ ছক্কায় ৯২ রান। রুপগঞ্জের হয়ে ২টি উইকেট নিয়েছেন হালিম। ১টি করে উইকেট নেন আল আমিন ও শুভাগত।

দিনের অপর দুটি ম্যাচে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ১২৮ রানের বড় ব্যবধানে হারায় শাইনপুকুর। এছাড়া গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে হারায় ব্রাদার্স ইউনিয়ন।