হৃদয়ের তাণ্ডবে অগ্রণী ব্যাংককে ওড়ালো মোহামেডান

আপডেট : ২০ মে ২০২৬, ০৪:০৪ পিএম

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে অগ্রণী ব্যাংক। দলীয় ২৪ রানে ওপেনার তৌফিক খান তুষারকে বিদায় করে ধসের সূচনা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর রানের খাতা খোলার আগেই ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুবকে সাজঘরের পথ দেখান এই পেসার।

চতুর্থ উইকেট হিসেবে ৫৪ রানে আউট হন মাহফিজুল ইসলাম রবিন (২৩)। এরপর জাহিদ জাভেদ ও নাসির হোসেনের প্রতিরোধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অগ্রণী ব্যাংক। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৬১ রান। তবে ৪১ বলে ২৫ রান করা নাসিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুশফিক হাসান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন জাহিদ জাভেদ। শেষ পর্যন্ত সাইফউদ্দিন ও মুশফিক হাসানের বোলিং তোপে মাত্র ১৩৩ রানেই অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক।

মোহামেডানের পক্ষে সাইফউদ্দিন ও মুশফিক হাসান দুজনেই ৪টি করে উইকেট নেন।

১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে মোহামেডান। উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলার পর ১৬ বলে ২২ রান করে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়।

এরপর উইকেটে এসে অগ্রণী ব্যাংকের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তাওহিদ হৃদয়। মাত্র ১৭ বলে ফিফটি পূরণ করেন এই ডানহাতি ব্যাটার। অপর প্রান্তে থাকা ওপেনার নাঈম শেখকে সঙ্গে নিয়ে মাত্র ৪৫ বলে ১০৫ রানের এক অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। হৃদয় শেষ পর্যন্ত ২৪ বলে ৭১ রানের এক ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ৪টি ছক্কা ও ১০টি চারের মার। অন্যপ্রান্তে ২৯ বলে ৩৯ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন নাঈম শেখ।

সংক্ষিপ্ত স্কোর

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব:১৩৩/১০ (৩৩ ওভার); জাহিদ ৪৪, নাসির ২৫; সাইফউদ্দিন ৪ ও মুশফিক উইকেট।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৩৭/১ (১১.৩ ওভার); হৃদয় ৭১*, নাঈম ৩৯*, বিজয় ২২।

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ সাইফউদ্দিন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত