অসুস্থ মাকে দেখে স্বামীর বাড়ি ফেরার পথে সড়ক দুঘর্টনায় মারা যান মেয়ে। সেই খবর অসুস্থ মায়ের কাছে পৌঁছালে মারা যান মাও। সোমবার (২৫ মার্চ) বাদ জোহর মা-মেয়ের জানাজা শেষে পাশাপাশি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এরা হলেন- মা আয়মেনা বেগম (৬২) ও মেয়ে ছামিনা বেগম (২৮)। গত রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার মৃত ছমির উদ্দিনের স্ত্রী আয়মেনা বেগম অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার দিন অসুস্থ মাকে দেখে ও খাবার খাইয়ে স্বামীর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মেয়ে ছামিনা বেগম। মেয়ের মৃত্যুর খবর মোবাইল ফোনে মায়ের কাছে পৌঁছালে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল।