ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৩৫) ও  মানিক খানকে (৩৬) ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ টাউন সার্ভিস (১ নম্বর ফাঁড়ির) ইনচার্জ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মিজানুর রহমান মিজান খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে ও মানিক খান গুণেরগাঁতী গ্রামের মৃত আব্দুল হাকিম খানের ছেলে।

রাকিবুল ইসলাম বলেন, শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় থেকে ৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বলেন, বিষয়টি নিয়ে জেলা কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা আটকের বিষয়টি সংগঠন বিরোধী কাজ হওয়ায় তার বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।