কথায় বলে, ‘দ্য শো মাস্ট গো অন’– অর্থাৎ ব্যক্তিগত জীবনে যতই ঝড় উঠুক না কেন, একজন শিল্পীর শো চালিয়েই যেতে হয়। গায়ক আতিফ আসলামও এর ব্যতিক্রম নন। দেশের বাইরে শো করতে গিয়ে যে জীবনে এত বড় অন্ধকার নেমে আসবে তার, তা হয়তো নিজেই ভাবতে পারেননি এই পাকিস্তানি গায়ক।
এক সাক্ষাৎকারে জীবনে সেই না ভুলতে পারা ঘটনার কথা অকপটে জানিয়েছেন আতিফ। আতিফের স্ত্রী সারা ভানওয়ারা তখন ৪/৫ মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রীকে রেখেই তুরস্কে শো করতে গিয়েছিলেন তিনি। শো শুরু হবে। তার আগেই আসে ফোন। আতিফের কথায়, ‘আমার স্ত্রী ফোন করে জানায়, ও আমাদের সন্তানের হার্টবিট পাচ্ছে না। আমাদের সন্তানকে হারিয়ে ফেলি আমরা। আমার ফেরার অবস্থা ছিল না। সামনে দর্শক বসে। তার আগেই সব শেষ।’
খবরটা পাওয়ার আধ ঘণ্টা পরেই মঞ্চে ওঠেন আতিফ। প্রায় আড়াই ঘণ্টা ধরে চালিয়ে যান পারফরম্যান্স। কেউ একবারেও জন্য বুঝতে পারেননি সেই সময় তার মনের মধ্যে ঠিক কী চলছিল। হাসিমুখে আড়াল করেছিলেন সবটাই।
তবে শোক কখনও চিরস্থায়ী নয়। এই মুহূর্তে তিন সন্তানের বাবা আতিফ। তার দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলের নাম আবদুল আহাদ ও আরিয়ান আসলাম। আর আতিফ আসলামের মেয়ের নাম হালিমা। কিছু দিন আগেই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন আতিফ। ওই একরত্তির সঙ্গে নেটিজেন মুখের মিল পেয়েছিল আরও এক স্টারকিডের। সে রাহা কাপুর–রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র সন্তানের।