শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে চট্টগ্রাম টেস্টে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। বিরতি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন তিনি। সিলেট টেস্টে বাজে শট খেলে আউট হয়ে তুমুল সমালোচনার মধ্যে থাকা লিটন দাস টিকে গেছেন দলে।
সাকিবকে জায়গা দিতে না খেলেই বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। চোটাক্রান্ত মুশফিকুর রহিমের বদলি হিসেবে দলে এসেছিলেন তরুণ এই ব্যাটসম্যান। সিলেট টেস্টের স্কোয়াড থেকে পরিবর্তন আছে আরও একটি। ম্যাচ না খেলেই চোট পাওয়া পেসার মুশফিক হাসান ছিটকে গেছেন দল থেকে। তার বদলে দলে ফিরেছেন হাসান মাহমুদ।
সিলেট টেস্টে ৩২৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ টেস্ট চট্টগ্রামে শুরু আগামী শনিবার।
সাকিব সবশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোট ও বিশ্রাম মিলিয়ে এই সংস্করণে আর দেখা যায়নি তাকে। এই শ্রীলঙ্কা সিরিজের পুরোটা থেকেই তিনি বিরতি নিয়েছেন বলে বিসিবি জানিয়েছিল আগে। তবে বিপিএল শেষে বিশ্রাম নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেছেন তিনি শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে। সেই পথ ধরেই ৩৭ বছর বয়সী অলরাউন্ডার ফিরলেন টেস্ট দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৯ টেস্ট ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেছেন সাকিব, উইকেট নিয়েছেন ৩৮টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিন দফায়।
সাকিবের ফেরার মতোই উল্লেখযোগ্য ঘটনা লিটনের টিকে যাওয়া। এমনিতে টেস্ট পারফরম্যান্স তার খারাপ নয়। তবে প্রশ্ন উঠেছে সিলেট টেস্টে তার কিপিং ও ব্যাটিংয়ে ধরন নিয়ে। মূল আলোচনা-সমালোচনার জন্ম দেন দ্বিতীয় ইনিংসে।
তৃতীয় দিনের শেষ বিকেলে যখন তিনি ব্যাটিংয়ে নামেন, দল তখন ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে। কিন্তু লিটন প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে তেড়েফুঁড়ে শট খেলে আউট হয়ে যান। হাসান মাহমুদ কয়েক দফায় টেস্ট দলে থাকলেও এখনো অভিষেক হয়নি।