দিলকুশার জালে ১৬ গোল ঊষার

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুর্দান্ত জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে আরশাদ হোসেন এবং ভারতের ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকে ১৬-৩ গোলে দিলকুশা স্পোর্টিংকে উড়িয়ে দিয়েছে পুরান ঢাকার দলটি। সাত ম্যাচে এটি ঊষার পঞ্চম জয়। ইকতিদার হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। এছাড়া জয়ী দলের মাহবুব হোসেন ও ভারতের অনিকেত গৌরব করেছেন জোড়া গোল। তাসিন আলী, মো. সাদ্দাম, তাহের আলী, হাসান যুবায়ের নিলয় এবং রাজু আহমেদ তপু একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন। বিপরীতে দিলকুশার সাগর, জাবার ও ভারতের রাকেশ একটি করে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি।

দ্বিতীয় মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা। অনিকেত, ইকতিদার ব্যবধান আরও বাড়ালে প্রথম কোয়ার্টারেই স্কোরলাইন ৩-০ করে নেয় ঊষা। দ্বিতীয় কোয়ার্টারে আরও ৫ গোল করে ২০১৪ সালের লিগের যুগ্ম চ্যাম্পিয়নরা। ৩৩তম মিনিটের গোলে ইকতিদার ও ৪০তম মিনিটে আরশাদ পূরণ করেন হ্যাটট্রিক।