এবারের পবিত্র ঈদুল ফিতরে মিলতে পারে লম্বা ছুটি। এই ছুটির মধ্যে মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে কর্তৃপক্ষ বলছে, শুধু ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবারও বন্ধ থাকবে মেট্রোরেল।
ডিএমটিসিএল এর উপসচিব তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, আজ বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বেশি সময় ধরে চলবে মেট্রোরেল। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ও সর্বশেষ ট্রেন ছেড়ে আসবে রাত ৯টায়। মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায় প্রথম ট্রেন ছেড়ে আসবে এবং শেষ ট্রেনটি ছেড়ে আসবে রাত ৯টা ৪০ মিনিটে। রমজান মাসে মেট্রোরেলের পেইড এলাকায় সর্বোচ্চ ৭৫ মিনিট থাকা যাবে। সেইসঙ্গে মেট্রোরেলের ভেতরে ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করা যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে এবার রমজানে দীর্ঘ ছুটি পাওয়া যাচ্ছে। ঈদের ছুটির সঙ্গে মাত্র এক অথবা দুই দিনের ছুটি নিলেই মিলবে টানা ১০ দিনের ছুটি। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ৭ এপ্রিল শবে কদরের সরকারি ছুটি। এর ফলে ৮ ও ৯ এপ্রিল ছুটি নিলেই টানা ১৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের ছুটি কাটানো যাবে। কারণ রোজা ৩০টি হলে ১০, ১১ এবং ১২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। তবে ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল করবে বলেও জানান তিনি।
মেট্রোরেল চলাচলের নতুন সূচি অনুযায়ী শুধু ঈদের দিন ও সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল যোগাযোগ। বাকিদিনগুলোতে স্বাভাবিক ভাবেই চালু থাকবে মেট্রোরেল। তবে রমজান উপলক্ষ্যে চলাচলের বর্ধিত ১ ঘণ্টা হয়তো বাতিল করা হতে পারে।