বেঞ্চে পা তুলে বসা নিয়ে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র-জুনিয়রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন মঈনুল ইসলাম (২০), ওয়াহিদুল রহমান সুজন (২৪), আমিন ফয়সাল বিদ্যুৎ (২১), তৌহিদুল করিম ইমন (২১) ও মো. জাহিদ (২০)।
পুলিশ জানিয়েছে, মারামারিতে জড়ানো দুই পক্ষই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী। মাহমুদুল করিম সাংবাদিকদের বলেন, ‘বেঞ্চে পা তুলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। তারা সবাই আমার অনুসারী। এটা তেমন বড় কিছু না।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা সবাই কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। মারামারির ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছে।’