রাতে কবরে জ্বলে ওঠা আগুন নিয়ে রহস্য

জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের একটি কবরস্থানে গভীর রাতে আগুন জ্বলতে দেখেছেন স্থানীয়রা। এতে পাঁচ মাস পুরনো একটি কবরের ওপরের বেড়া পুড়ে গেছে। রাতে হঠাৎ জ্বলে ওঠা এই আগুন নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্য দেখা দিয়েছে। কিভাবে কবর স্থানে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা। আগুন দিয়েছেন এমন কাউকেও চিহ্নিত করা যায়নি।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের সাতপোয়া পশ্চিমপাড়া এলাকার দানেছ শেখের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। আজ
বুধবার সকালে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দানেছ শেখের স্ত্রী সজিরন পাঁচ মাস আগে মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার কররেই গত রাতে আগুন জ্বলতে দেখেন ছলো নামের স্থানীয় এক বৃদ্ধা। তার চিৎকারে সবাই ঘর থেকে বের হয়ে আগুন দেখতে পায়। ১০ মিনিট পর আগুন নিভে যায়। এতে কবরে ঘেরাও করা বেড়া পুড়ে গেছে। তবে চারপাশের কোনো খুটিতে আগুন লাগেনি।

স্থানীয় নাজিম ও তানজিনা জানান, ‘রাত ২ টা ২০ মিনিটের দিকে এক বৃদ্ধা মহিলা কবরে আগুন দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে ভিড় করে। প্রায় ১০ মিনিট আগুন জ্বলার পর একাই নিভে গিয়েছে। ওই সময় কেউ হয়তো ভিডিও করেছে। সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে সকাল থেকে লোকজন কবরস্থানে ভিড় করেছেন। আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিৎ।’

আগুনে পুড়ে যাওয়ার পর কবর। ছবি : দেশ রূপান্তর

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। এটা নিয়ে প্রশাসনকে অনুরোধ করব, আগুন হঠাৎ কিভাবে লেগেছে সঠিক তদন্তের করে তা বের করা হোক।

তবে বিষয়টি জানা নেই সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের। তিনি বলেন, ‘বিষয়টি জানা ছিল না। খতিয়ে দেখা হবে।’