টাকা না পেয়ে ক্যাম্প ছাড়লেন মোহামেডানের হকি খেলোয়াড়রা

প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় মোহামেডানের হকি শিবির ছেড়ে গেছেন ক্ষুদ্ধ খেলোয়াড়রা। বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-৩ গোলে হারানো মোহামেডান খেলোয়াড়দের অভিযোগ- প্রতিশ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে চুক্তির অর্থ ক্লাব কর্তারা বুঝিয়ে দেননি। তাই বাধ্য হয়েই ক্যাম্প ছেড়েছেন তারা। ৩০ মার্চ চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে চিরশক্তি আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা মোহামেডানের। এরপর ১ এপ্রিল লিগের প্রথমপর্বের শেষ ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়ংস ক্লাব। গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের অসন্তোষ প্রকাশ্যে এলো। জানা গেছে, দুই প্রস্থে চুক্তির কিছু অংশের টাকা খেলোয়াড়দের দিয়েছে মোহামেডান। তবে লিগ শুরুর পর থেকে কোনো টাকাই তারা পাননি।

বিষয়টি নিশ্চিত করে মোহামেডান দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব খেলোয়াড়দের সঠিক পরিচালনা করা। সেই দায়িত্ব আমি পালন করছি। তবে রুটি-রুজির ব্যাপারে তো আমার কোনো হাত নেই। এটা দেখবেন ক্লাবের কর্তারা। খেলোয়াড়রা যার যার মতো ক্যাম্প ছেড়ে চলে গেছে। এখানে আমার কিছু করার নেই।’

জিমি অবশ্য দলের সঙ্গে ক্যাম্পে থেকে খেলছেন না। তিনি বাসা থেকে এসেই খেলছেন। কত টাকা তিনি পাবেন, সেটা জানতে চাইলে হেসে জিমি বলেন, ‘আমার কথা বাদ দেন। গত কয়েক বছর ধরে কত টাকা যে আমার বকেয়া সেটাও ভুলে গেছি। একটা কথা বলি ভাই। ধরেন আপনি দশ টাকা পাবেন। এখন আপনাকে এক বা দুই টাকা দিয়ে বুঝ দিলে, সেই বুঝ আপনি কতদিন নিবেন।’

এই হকি তারকা এরপর যোগ করেন, ‘এমনিতে লিগ নিয়মিত হয় না। ২ বছর ৩ বছর পর পর লিগ হয়। এটাই আমাদের উপার্জনের একমাত্র অবলম্বন। এখন এই টাকাটাও যদি আমরা ঠিকঠাক না পাই খেলার আগ্রহ কী থাকে? কত টাকা পেয়েছি, সেটা জানতে চেয়েন না। বললে আমি এবং শুনলে আপনি লজ্জা পাবেন।'

খেলোয়াড়দের বেতন বকেয়া থাকার বিষয়টি স্বীকার করে অসহায়ত্ব ঝড়লো মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্সের কণ্ঠে, ‘খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও বকেয়া রয়েছে। বিদেশি খেলোয়াড়রা সম্পর্ক ও সম্মানের খাতিরে নিজেরা বিমান ভাড়া দিয়ে এসেছেন। তাদেরও সম্মানী দিতে পারিনি। এতদিন কষ্ট করে নিজে চালিয়ে গেছি। এখন আর আমার পক্ষে সম্ভব না। ক্লাবের শীর্ষ কর্তারা যদি টাকা পয়সা দিয়ে খেলোয়াড়দের ফেরাতে পারেন, তাহলেই তারা খেলবে।’