মস্কো হামলায় এখনও নিখোঁজ ৯৫ জন

রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৯৫ জন।  

এছাড়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভয়াবহ সেই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে নিহত এবং আহত হয়েছেন ১৮২ জন।

রুশ সংবাদমাধ্যমের বরাতে বুধবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, ওই হামলার ঘটনার পর থেকে এখনো অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় এদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজা জানিয়েছে, "এই তালিকায় এমন মানুষ রয়েছে যাদের সাথে সন্ত্রাসী হামলার পর থেকে তাদের স্বজনরা যোগাযোগ করতে পারেনি, কিন্তু তারা আহত এবং মৃতদের তালিকায় নেই। তাদের মধ্যে কিছু লোক মারা গেছে, তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।"

রুশ তদন্তকারীরা জানিয়েছেন, কালাশনিকভ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে চার বন্দুকধারী এই হামলা চালিয়েছিল। ঘটনাস্থল থেকে পাঁচ শতাধিক গুলির খোসা পাওয়া গেছে।

গত শুক্রবার ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে সোভিয়েত যুগের রক গ্রুপ ‘পিকনিক’ পারফর্ম করার কথা ছিল। এটি দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার ২০০ দর্শক। তখনই চারজন এলোপাতাড়ি গুলি চালিয়ে ও বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় সেখানে।

এই হামলাটিকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।