পরনের জুতার মধ্যে গাঁজা। সেই জুতা পরে শহরে ঘুরছিলেন যুবক। উদ্দেশ্য ছিল, গাঁজা পাচার। তবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রাজধানীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের নাম শাওন বেপারী। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাওন কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জের কোনো এক মেলায় সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম শামীম জানান, শাওন তার পড়নের জুতার ভেতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলেন। ঘটনার দিন ওয়ারী থানার দায়িত্বরত পুলিশ দল তাকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশী করে তার পড়নের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।