চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে অলিউল ইসলাম (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গভীর রাতে অলিউলসহ আরো ৫-৬ জন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে উল্লেখ করে ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, ‘আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগীরা প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা না নিয়েই অজ্ঞাতস্থানে নিয়ে যায় তারা।’