ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে মো. সুজন নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিএসএফ)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী মো. সুজন (২৫) পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।
সুজনের পরিবার ও বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে সুজন উত্তর কোলাপাড়া সীমান্তে জ্বালানি কাঠ সংগ্রহে যান। সেখানে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন।
সুজনের স্ত্রী আয়েশা আক্তার বলেন, উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তে সুজন জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিলেন। ভারতের কয়েকজন ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকায় তারা তাকে বিএসএফের কাছে ধরিয়ে দিয়েছেন।
এবিষয়ে বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সুজন নামের এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।