ঢাবির ৪ ইউনিটের ফল ঘোষণা: পাস বেশি ব্যবসায়, ফেল বিজ্ঞানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফল প্রকাশ করেন। আগামী ১ জুলাই থেকে প্রধম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য।

প্রকাশিত ফলাফলে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে' পরীক্ষায় অংশ নেন এক লক্ষ দুই হাজার শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ হাজার শিক্ষার্থী। পাশের হার ১০.০৭ শতাংশ।

'বিজ্ঞান ইউনিটে' পরীক্ষায় অংশ নেন এক লক্ষ নয় হাজার ৩৬৩ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন, পাসের হার ৮.৮৯ শতাংশ।

৩৪ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন 'ব্যবসায় শিক্ষা ইউনিটে'। এর মধ্যে চার হাজার ৫৮২ জন পাস করেছেন, পাসের হার ১৩.৩৩ শতাংশ।

এ ছাড়া চারুকলা ইউনিটে চার হাজার ৫১০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫৩০ জন পাস করেছেন, এতে পাশের হার ১১.৭৫ শতাংশ।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

যেভাবে দেখবেন ফল

ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য DU ALS <roll no>, বিজ্ঞান ইউনিটের জন্য DU SCI <roll no>, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য DU BUS <roll no>, চারুকলা ইউনিটের জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।