ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ইউনিটগুলোতে প্রথম হওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে  প্রথম হয়েছেন খুলনার সরকারি এম এম সিটি কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী মন্ডল। তিনি পেয়েছেন ১০৫.২৫ নম্বর।

বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসূল। তিনি পেয়েছেন ১১১.২৫ নম্বর।

ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হওয়া চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর পেয়েছেন ১০৫.৫০ নম্বর।

এ ছাড়াও, চারুকলা ইউনিটে প্রথম হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বাঁধন তালুকদার। তিনি পেয়েছেন ৯৮.১৬ নম্বর।

ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, চার ইউনিটে গড়ে ১১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। এবারের ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে পাশ করেছেন ১০ হাজার ২৭৫ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১০.০৭ শতাংশ।

বিজ্ঞান ইউনিটে অংশ নিয়েছেন ১ লাখ ৯,৩৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ৯ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ৮.৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ইউনিটে অংশ নিয়েছেন ৩৪,৩৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১৩.৩৩ শতাংশ।

এ ছাড়াও, চারুকলা ইউনিটে অংশ নিয়েছেন ৪,৫১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ৫৩০ জন শিক্ষার্থী। যা অংশগ্রহণকারী শিক্ষার্থীর ১১.৭৫ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।