জাতীয় দলের পর ডিপিএলে এসেও নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারে প্রথম পাঁচ উইকেট শিকারের দিনে অবশ্য জেতেনি তার দল শাইনপুকুর। ব্রাদার্স ইউনিয়ন ম্যাচটি জিতে নিয়েছে ২৬ রানে। মাশরাফীর লিজেন্ডস অফ রুপগঞ্জও পেয়েছে ৭ উইকেটের বড় জয়। অন্য ম্যাচে সিটি ক্লাবকে ৩৮ রানে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।
ঢাকা প্রিমিয়ার লিগে এর আগে টানা ম্যাচ খেলার সুযোগ পাননি লেগ স্পিনার রিশাদ হোসেন। এবারও তার ম্যাচ খেলার সুযোগ নিয়ে শঙ্কা ছিল। আবাহনীতে ছিলেন তিনি। কোচ খালেদ মাহমুদ সুজন রিশাদকে ম্যাচ খেলার সুযোগ করে দিতে পাঠান শাইনপুকুরে।
গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রিশাদ পানন লিস্ট 'এ' ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট। ৪৯ রানে ৫ উইকেট শিকার করেন এই লেগি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে দুবার ৫ উইকেট পেলেও সাদা বলে এই প্রথম। টি-টোয়েন্টিতে রিশাদের সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে রিশাদের আগের সেরা বোলিং ছিল ২৯ রানে ৪ উইকেট। আবদুল মাজিদের ৯৫ রানের সুবাদে তারপরও ব্রাদার্স তোলে ৯ উইকেটে ২২ রান। জবাবে শাইনপুকুরের কেউ বড় ইনিংস খেলতে না পারায় ১৯৬ রানেই অলআউট হতে হয়। ব্রাদার্সের রহমতউল্লাহ আলী ৩টি ও আবু জায়েদ রাহী ২টি উইকেট নেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অধিনায়ক তাহজিবুল ইসলামের ৮৫ ও অনূর্ধ্ব-১৯ দলের আশিকুর রহমান শিবলীর ৪৫ রানের সুবাদে ২১৪ রান তোলে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। সিটি ক্লাবের মইনুল ইসলাম ও মেহেদি হাসান ৩টি করে উইকেট শিকার করেন। জবাবে আরিদুল ইসলাম আকাশের বাঁহাতি স্পিনে পরাস্ত হতে হয় সিটির ব্যাটসম্যানদের। আকাশ ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন। সিটি ক্লাবের অধিনায়ক সাজ্জাদুল হক রিপন ৫০ ও শাহরিয়ার কমল ৪০ রান করেন। এরপরও ১৭৬ রানে অলআউট হয় দলটি। ম্যাচ হারে ৩৮ রানে।
ফতুল্লায় লিজেন্ডস অফ রুপগঞ্জ দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আগে ব্যাট করা পারটেক্স মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় লিজেন্ডেসের নিয়ন্ত্রিত বোলিংয়ে। শুধু অধিনায়ক মিজানুর রহমানের ব্যাটে আসে ৮৮ রানে ইনিংস। তিনটি করে উকেট শিকার করেন শহিদুল ইসলাম ও শুভাগত হোম। এদিন মাশরাফী বিন মোর্ত্তজা কোনও উইকেট না পেলেও ৯ ওভারে দেন মাত্র ৩০ রান। ফিল্ডিংয়ে একটি ক্যাচও নেন। ১৯২ রানের লক্ষ্য ছুঁতে লিজেন্ডেসের প্রয়োজন হয় ২৫.২ ওভার। ওপেনার তৌফিক তুষারের ৮৩ রানের পর শামীম হোসেন পাটোয়ারি খেলেন ২০০ স্ট্রাইক রেটে অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংস। তাতে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস।