মাত্র এক ম্যাচ আগেই ১৫ বলে হাফসেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। এবার সেই বিধ্বংসী রূপকেও ছাড়িয়ে গেলেন হাবিবুর রহমান সোহান। ঘরোয়া ক্রিকেটের এই মারকুটে ওপেনার এবার খেললেন রেকর্ড ভাঙা এক টর্নেডো ইনিংস, যা দেশের লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন নজির স্থাপন করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডে সিটি ক্লাবের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান লেজেন্ডস অব রূপগঞ্জের এই ২৬ বছর বয়সী ওপেনার। ইউল্যাব মাঠে ম্যাচের শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ৪৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
এর আগে ২০২৩ সালের বিসিএলে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন সোহান নিজেই। চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে তার পাশে বসেছিলেন। তবে আজকের এই ইনিংসের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় বসলেন সোহান।
আউট হওয়ার আগে ১৮তম ওভারে ড্রেসিংরুমে ফেরার সময় সোহানের নামের পাশে জ্বলজ্বল করছিল ৫৮ বলে ১৩০ রানের এক চোখধাঁধানো ক্যারিয়ার সেরা ইনিংস। পুরো ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার এবং ১৩টি বিশাল ছক্কার সাহায্যে।
প্রথম ৫০ রান: ২৬ বলে (৪টি চার ও ৪টি ছক্কা)
পরের ৫০ রান: মাত্র ১৯ বলে (৪টি চার ও ৫টি ছক্কা)
সেঞ্চুরির পর আরও ৪টি ছক্কা মেরে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
গত বছর রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সেটি সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম।
রেকর্ডের পাতায় সোহান ও বিশ্ব ক্রিকেট
ছক্কার রেকর্ড: এক ইনিংসে ১৩টি ছক্কা মেরে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে লিস্ট 'এ' ক্রিকেটে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন সোহান। ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা মেরে এই তালিকার শীর্ষে আছেন সৌম্য সরকার।
বিশ্ব রেকর্ড: বিশ্ব ক্রিকেটে লিস্ট 'এ' সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের (মাত্র ২৯ বলে)। আর এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার বিশ্ব রেকর্ডটি ওজি ব্যাটার ডি'আরসি শর্টের।
