ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ইউনিটগুলোতে প্রথম হওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলাফলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন খুলনার সরকারি এম এম সিটি কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী মন্ডল। তিনি পেয়েছেন ১০৫.২৫ নম্বর।
প্রথম হওয়া প্রিয়ন্তী মন্ডল বলেন, আমার ইচ্ছে ছিল আইন বিভাগে পড়ার। সেজন্য আমি উচ্চমাধ্যমিকে এসে বিজ্ঞান শাখা থেকে মানবিক শাখায় ভর্তি হই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে আমি প্রথম হয়েছি। রেজাল্ট শোনার পর আমি বিশ্বাস করতে পারিনি। মার্কশিট দেখার পর আমার বিশ্বাস হয়েছে। আমি আইন বিভাগে পড়ে জজ হতে চাই।
প্রিয়ন্তী আরও বলেন, রেজাল্ট শোনার পর আমিসহ বাবা-মা খুশিতে কান্না শুরু করি। কারণ বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমে আমি এই সফলতা অর্জন করতে পেরেছি। আর সৃষ্টিকর্তার ওপর প্রবল বিশ্বাস আমাকে এই সফলতা পেতে সাহায্য করেছে। আমি রাত জেগে পড়ার সময় বাবা-মা আমার পাশে বসে থাকতেন। এছাড়াও আমার শিক্ষকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, যারা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন।
মেয়ের রেজাল্ট শুনে প্রিয়ন্তীর বাবা বলেন, মেয়ের এমন রেজাল্টে আমরা অনেক খুশি। সে অনেক পরিশ্রম করেছে। বিশেষ করে তার মা প্রিয়ন্তীকে অনেক সাহস জুগিয়েছে। রাত জেগে পড়ার সময় তার মা সবসময় পাশে থেকেছে। আমি অনেক সময় রাত জেগে তার পড়াশোনায় সহযোগিতা করতাম। সে অনেক পরিশ্রমী ছিল, তাই সৃষ্টিকর্তা তাকে সফলতা দিয়েছে।
নতুনদের জন্য প্রিয়ন্তী বলেন, প্রথমে ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে আইডিয়া নিতে হবে। তারপর বিষয়ভিত্তিক বিষয়ে নোট করা ও দুর্বল বিষয়গুলো চিহিৃত করে পড়তে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। পরিশ্রম করলে তা সৃষ্টিকর্তা অবশ্যই ফলাফল দিয়ে থাকেন। তাই পড়ার সঙ্গে লেগে থাকতে হবে।