টিটুই বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর

জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটুই হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর। তিন দিন আগে বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের সার্কুলার দিয়েছিল। উয়েফা অথবা এএফসির প্রো লাইসেন্সধারী বাংলাদেশি কোচদের অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ ছিল। সেই শর্তপূরণ হয় এমন তিনজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সাইফুল বারী টিটুই আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাফুফের টেকনিক্যাল কমিটি সভা করে তার নাম সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। সব কিছু ঠিক থাকলে আগামী ১ এপ্রিল থেকে এক বছরের চুক্তিতে কাক্সিক্ষত পদে যোগ দেবেন বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় দলের সাবেক এই কোচ। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে তিনি হতে যাচ্ছেন তৃতীয় বাংলাদেশি।

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে চুক্তিতে এখনো স্বাক্ষর না করলেও দেশ রূপান্তরকে বলেছেন, কাক্সিক্ষত পদে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে টিটু বলেন, ‘আসলে এই দায়িত্ব নিয়ে আমি ভীত। তবে এই ভীতিটাই হয়তো ভালো কাজ করার ক্ষেত্রে আমাকে সহায়তা করবে। টেকনিক্যাল ডিরেক্টরের অনেক কাজের একটি প্রতিভা অন্বেষণ করে তাদের সঠিকভাবে গড়ে তোলা।’

বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির সভার এক পর্যায়ে উপস্থিত হয়েছিলেন টিটু। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে। চাকরির সুযোগ-সুবিধাগুলো অবশ্য সেভাবে আলোচনায় আসেনি। চুক্তির ক্ষেত্রে এগুলো বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না বলে জানিয়েছেন টিটু। জানা গেছে, মাসিক ৪ লাখ টাকা বেতনে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন টিটু।