প্রায় ১১ বছর পর ৪ লাখ টাকা ব্যয়ে জমকালো আয়োজনের মাধ্যমে দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ৩ ফেব্রুয়ারি। ওই সভায় ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয় এবং ৩ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা হয়। কিন্তু নির্ধারিত তারিখ পার হওয়ার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটি ৫৫ দিন পার করে ফেললেও নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি। ফলে সমিতির নিবন্ধন হুমকিতে পড়েছে। এমন অবস্থায় নির্বাচনের দাবি জানিয়ে দিনাজপুর শ্রম অধিদপ্তরের উপপরিচালক বরাবর আবেদন করেছেন শতাধিক ব্যবসায়ী।
অভিযোগকারী কবির ফ্যাশনের মালিক মো. কবির বলেন, ‘৫৫ দিন পার হলেও কমিটি আজ পর্যন্ত তফসিল ঘোষণা করেনি। তারা তাদের মনগড়া কমিটি তৈরির অপচেষ্টা করছে। আমরা নির্বাচন ছাড়া কোনো মনগড়া কমিটি মেনে নেব না।’
বসুন্ধরা গার্মেন্টস এর মালিক রফিকুল ইসলাম বলেন, ‘১১ বছর পর জমকালো অনুষ্ঠান করা হলো, কিন্তু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে অনীহা দেখা যাচ্ছে।’
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ সাব্বির আলী বলেন, ‘আমরা শ্রম অফিসে কথা বলেছি। রমজানের মধ্যেই নির্বাচনের নির্দেশনা দিলেও সামনে ঈদ, তাই ঈদের পর তফসিল ঘোষণা করা যায় কি না দেখা হবে।’
নিবন্ধন বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা শ্রম অধিদপ্তরের কথায় ব্যবসা করি না। তারা নিবন্ধন বাতিল করলে করবে, তাতে কিছু যায় আসে না। ভোটার তালিকার কাজ শেষ হলে নির্বাচন বিষয়ে কি করা যায় কমিটি সিদ্ধান্ত নেব।’
দিনাজপুর শ্রম অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আইন অনুযায়ী ৪৫ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্র্থ হলে পুনরায় সাধারণ পরিষদের সভায় নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। অধিদপ্তরের নির্ধারিত কাঠামোর মধ্যে না থাকলে নিবন্ধন বাতিল চেয়ে আদালতে মামলা করব।’