চট্টগ্রামের আনোয়ারায় অস্বাভাবিক হারে বেড়েছে অপরাধ। প্রায় প্রতিদিনই হচ্ছে চুরি-ছিনতাই। পুলিশ কাউকে কাউকে ধরতে পারলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আস্থাহীনতায় অনেকেই অভিযোগ জানাতে থানায় যাচ্ছেন না। তাই পুলিশের কাছে চুরি-ছিনতাইয়ের সঠিক পরিসংখ্যানও নেই।
স্থানীয়রা বলছেন, পুলিশ প্রকৃত চোর-ছিনতাইকারীদের ধরতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠেছে। চুরি-ছিনতাইয়ের ভয়ে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। যদিও পুলিশ বলছে, এ ধরনের ঘটনা ঠেকাতে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা।
চুরি-ছিনতাইয়ের অধিকাংশই রাতের বেলা বিভিন্ন বাসা-বাড়ি এবং দোকানে সংঘটিত হচ্ছে। লুট হচ্ছে ব্যবসায়ীদের টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল। শুধু রাতেই নয়, দিনের আলোয়ও সমানতালে চুরি-ছিনতাই করে যাচ্ছে তারা। ঝামেলা এড়াতে বেশিরভাগ ভুক্তভোগী মামলা বা থানায় অভিযোগ দেন না। চলতি মার্চ মাসেই উপজেলায় বেশ কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১ মার্চ রাত ১০টায় কলিমউল্লাহ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকাসহ মোবাইল সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। উপজেলার ডুমুরিয়া শাহি দরবার কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ৪ মার্চ বিকেলে উপজেলা সদরের জয়কালী বাজার থেকে ৫ মিনিটে গায়েব হয়ে যায় আকতার হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশা। এ ঘটনায়ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ১০ মার্চ দুপুরে উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা ও পল্লীবিদ্যুতের এক কর্মচারীর বাসায় পৃথক দুটি চুরির ঘটনা ঘটে। টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট চুরির এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ১৭ মার্চ বিকেলে উপজেলার খুরুস্কুল মোহছেন আউলিয়া সড়কে অভিনব কায়দায় মো. ওসমানের ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। ২৩ মার্চ রাতে উপজেলা সদরে সেনাসদস্যের বাড়িতে চুরির ঘটনায় লুট হয়েছে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল সেটসহ দেড় লাখ টাকার মালামাল। এ ঘটনায় সেনাসদস্য রুবেলের স্ত্রী সাথী থানায় অভিযোগ করেছেন। সর্বশেষ ২৪ মার্চ রবিবার সন্ধ্যায় এক নারীকে নকল সোনারবার দিয়ে আসল সোনা লোপাট করেছে প্রতারকচক্র। ভুক্তভোগী জেসমিন আক্তার উপজেলার শোলকাটা গ্রামের বাসিন্দা। উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এ ছাড়া গত এক মাসে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি মসজিদের ব্যাটারি, মাইক ও দানবাক্স চুরির ঘটনা ঘটেছে।
সমাজ চিন্তাবিদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী বলেন, ‘চুরি-ছিনতাইয়ের মতো ঘটনাকে ছোট অপরাধ বিবেচনা করায় লাগামহীন ছিনতাইকারীরা।’
এ নিয়ে আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ বলেন, ‘চুরি-ছিনতাইয়ের কয়েকটি অভিযোগ পেয়েছি। পুলিশ বেশ কয়েকজন চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। আরও যারা চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’