রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের ওপর শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে শাখা ছাত্রদলের আহ্বায়কসহ ৪ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পার্ক মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড় এলাকায় ছাত্রদলের আহ্বায়ক আল আমিনসহ চারজন বসে গল্প করছিলেন। এ সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। পরে ওই স্থান থেকে ছাত্রদল নেতারা পালিয়ে যান। তারা আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এদিকে শাখা ছাত্রদলের ওপর হামলার পর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয় পার্ক মোড় এলাকায় অবস্থান নেয়। পরে ক্যাম্পাসে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহফুজ বলেন, ছাত্রদলের কয়েকজন দুষ্কৃতকারী ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। তারা ক্যাম্পাসের শান্ত পরিবেশ অশান্ত করতে চায়। তাদের এমন সুযোগ দেয়া যাবে না।
ছাত্রদলের আহ্বায়ক আল আমিন দেশ রূপান্তরকে বলেন, ক্যাম্পাসের বাইরে ইফতার করে পার্ক মোড়ে ফিরে চা খাওয়ার সময় আমাদের চারজনের ওপর শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। হামলায় আমরা কয়েকজন আহত হয়েছি। কোনো কর্মসূচি নয়, চা খেতে এসে আমরা হামলার স্বীকার হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঘটনাটি সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত কেউ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করেনি।