রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ষড়যন্ত্র করছে। সেই তথ্য আমাদের কাছে এসেছে। নাশকতার ষড়যন্ত্রের ইঙ্গিত পেলে সেই সকল শিক্ষক ও কর্মকর্তাকে রাবিতে আর কোনো ক্লাস নিতে দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধা ৬টায় ছাত্রদল আয়োজিত দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রাহী বলেন, শেখ হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করে, মানুষের ঘুম কেড়ে নিয়ে, স্ত্রীকে স্বামীহারা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ভারতে বসে কীভাবে আবার দেশের টাকা লুটপাট করা যায় সেজন্য ষড়যন্ত্রে করছে। শেখ মুজিব দেশের গরিব মানুষদের প্রতি অবিচার এবং বৈষম্য করেছিল। যখন দেশের মানুষ দুবেলা খেতে পারত না, তখন তাঁর পুত্রকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, আজকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের টাকা লুটপাট করতে না পেরে ভাড়াটে লোকদের টাকা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছে। এই বোমার আওয়াজে দেশের মানুষ ভয় পায় না। দেশের মানুষ বাঁশের লাঠি তৈরি করে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে, এরশাদকে বিদায় করেছে, ২০২৪ সালের শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই বাংলাদেশের মানুষ এই সামান্য পটকা, বোমার আওয়াজে ভয় পায় না।
আওয়ামী শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের মাধ্যমে ষড়যন্ত্র করছে। সেই তথ্য আমাদের কাছে এসেছে। নাশকতার ইঙ্গিত পেলে সেই সকল শিক্ষক ও কর্মকর্তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ক্লাস নিতে দেওয়া হবে না। যে ফ্যাসিস্ট শিক্ষকেরা নিষিদ্ধ ছাত্রলীগকে অনলাইনের মাধ্যমে পড়াচ্ছেন, তাঁদের ওপর আমরা নজর রেখেছি। দেশে যেকোনো অরাজকতা হলে এর দায়ভার সেই ফ্যাসিস্ট শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীদের নিতে হবে।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।