নাভালনির শুনানির দৃশ্য ধারণ করা সাংবাদিককে হেফাজতে নিল রাশিয়া

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও কারাগারে প্রয়াত রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির বিচার কার্যক্রম নিয়ে নিউজ করা সাংবাদিককে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত। ‘চরমপন্থার’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২৯ মার্চ) তাকে দুই মাসের জন্য বিচারপূর্ব জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউটররা বলছেন, আন্তোনিনা ক্রাভতসোভা নামের ওই সাংবাদিক স্বাধীন সংবাদমাধ্যম সোটাভিশন আউটলেটের সংবাদদাতা। তিনি একটি ‘চরমপন্থী সংগঠনে’র অংশ হয়েছিলেন যার অভিযোগে ছয় বছর পর্যন্ত জেল হতে পারে। রাশিয়ায় প্রয়াত নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী গোষ্ঠী’ হিসেবে নিষিদ্ধ করা হয়েছে।

আন্তোনিনা নিয়মিত নাভালনির বিচার কার্যক্রম নিয়ে সংবাদ করতেন। গত মাসে আর্কটিক কারাগারে মারা যাওয়ার একদিন আগে আদালতে নাভালনির শুনানির দৃশ্য ধারণ করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কোর দক্ষিণাঞ্চলে নাভালনির সমাধি পরিদর্শনের কয়েক ঘণ্টা পর তাকে আটক করা হয়।

নাভালনির দল তার বিরুদ্ধে হওয়া মামলার নিন্দা জানিয়েছে। বলেছে, রুশ সরকার তার সমালোচকদের মধ্যে ‘নতুন করে ভয়ের তরঙ্গ’ তৈরির চেষ্টা করছে।