অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান চারুকলার প্রথম বাঁধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী বাঁধন তালুকদার। পরীক্ষায় তার ভোট প্রাপ্ত নম্বর ৯৮.১৬।

প্রথম হওয়ার অনুভূতি জানিয়ে বাঁধন দেশ রূপান্তরকে বলেন, আমার পরিবার, শিক্ষকসহ আমার ভর্তি পরীক্ষার জার্নিতে থাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া এতদূর আশা হয়তো সম্ভব হতো না। আমি সব সময় এদিনটার কথা মাথায় রেখেছিলাম এবং মন প্রাণ দিয়ে চেয়েছিলাম যেন তা আমার জীবনে আসে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিদ্যাপিঠে ইউনিটে প্রথম হব এটা ছিল কল্পনারও বাইরে। মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা।

তিনি বলেন, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, ইচ্ছা ছিল স্থাপত্যবিদ্যা নিয়ে পড়ব। কোনোদিন প্রতিষ্ঠানিক ভাবে ছবি আঁকা শিখিনি, তবে মাঝে মাঝে শিল্পকলা একাডেমিতে যেতাম, বয়সে অনেক ছোট বাচ্চাকাচ্চাদের সাথে মনের আনন্দ নিয়ে ছবি আঁকতাম। শিল্পী মনস্তত্ব বিকাশের পেছনে সেখানকার শিক্ষক এবং পরিবেশের ভূমিকা অনেক।

পরিবারের অবদানের কথা উল্লেখ করে বাঁধন বলেন, আমার মা আমাকে সব সময় বলেছেন, আমি যেটা পড়তে ভালোবাসি তাই যেন পড়ি, আমার বাবা বলেতেন- 'তোমার কাছে একটাই চাওয়া যেন ভালো মানুষ হও'। হয়তো এই স্বাধীনতাটুকু পরিবার থেকে পেয়েছিলাম বলেই আজ এতদূর আসতে পেরেছি। কলেজে খুব বেশি সিরিয়াস ছিলাম না, তবে অ্যাডমিশনের সময় মোটামুটি সবার থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়েই পড়াশোনা করেছি। আমি জানতাম আমি হয়তো গিফটেড না, তবে আমি আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব তাই দিয়েছি।

তিনি জানান, পছন্দের সাবজেক্ট গ্রাফিক ডিজাইন এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। যেকোনো একটা নিয়েই পড়ব। তবে ভবিষ্যতে অ্যানিমেশন, ভিজুয়াল আর্ট, ইলাস্ট্রেশন এসব নিয়ে কাজ করতে চাই। আসলে সব সময়ই চেয়েছিলাম এরকম স্বাধীন কোনো পরিবেশে কাজ করতে, সেখানে আমি আমার চিন্তা-ভাবনা, মেধা আর দক্ষতার একটা সমন্বয় করতে পারব। আশা করি সামনের জার্নিটা সুখকর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ‘খ’ ইউনিটে পাসের হার ১০ দশমিক শূন্য ৭ শতাংশ। বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগের ‘গ’ ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। চার ইউনিটে গড়ে ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন প্রিয়ন্তী মন্ডল, তিনি সরকারি এমএম সিটি কলেজ খুলনার শিক্ষার্থী ছিলেন। তার প্রাপ্ত নম্বর ১০৫.২৫। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন প্রতীক রসূল, তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পেয়েছেন ১১১.২৫ নম্বর। ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর। তিনি পেয়েছেন ১০৫.৫০ নম্বর।