মালয়েশিয়ার একটি শপে ইংরেজিতে ‘আল্লাহ’ লেখা পায়ের মোজা বিক্রি করায় তুমুল বিতর্ক দেখা দিয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির জনপ্রিয় চেইন শপ ‘কে কে সুপারমার্ট’ কোম্পানি। এমনকি হামলার মুখেও পড়েছে চেইন শপটির আউটলেট।
স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার কেকে সুপারমার্টের একটি আউটলেটে হামলার ঘটনা ঘটে। এর আগে সুপারমার্টটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে "আল্লাহ" লেখা মোজা বিক্রি করার দায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয় এবং মামলা করা হয়।
রয়টার্স জানায়, পূর্বাঞ্চলীয় রাজ্য পাহাংয়ের কুয়ানতান জেলার একটি কেকে সুপারমার্ট আউটলেটে শনিবার ভোরের ঠিক আগে একটি মোলোটভ ককটেল আঘাত হানে বলে জানায় কুয়ানতান পুলিশ প্রধান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু।
এর আগে গত মঙ্গলবার পেরাক রাজ্যে আরেকটি কেকে সুপারমার্ট আউটলেটে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।
তবে শনিবারের হামলায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। হামলাকারীকে শনাক্তে কাজ করছে পুলিশ।
কে কে সুপারমার্ট মালয়েশিয়ার দ্বিতীয়-বৃহৎ চেইন শপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আল্লাহর নাম খচিত মোজা বিক্রির অভিযোগ উঠে। ওই এই মোজাগুলো মালয়েশিয়ার রাজধানীর কেকে মার্টের একটি আউটলেটে বিক্রি করা হচ্ছিল। এটি স্থানীয় মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ইতিমধ্যে কে কে সুপারমার্টে মোজার সরবরাহকারী প্রতিষ্ঠান জিন জিয়ান চ্যাং ক্ষমা চেয়ে এমন পণ্য শপ থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তবে অনলাইনে মোজার ছবি ছড়িয়ে পড়ায় নানা ধরনের প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি অব্যাহত রয়েছে। কেউ কেউ এই ব্যবসা প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছেন।
এ ঘটনায় কে কে মার্টের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং মোজার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার।
এছাড়া গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা ইব্রাহিম সুলতান ইস্কান্দার চাইয়ের মালিকানাধীন এ প্রতিষ্ঠানের নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে, সোমবার (২৫ মার্চ) মোজার সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান জিন জিয়ান চ্যাং এর বিরুদ্ধে ৯ দশমিক ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে কে কে মার্ট।