যুদ্ধ দ্বারপ্রান্তে, কিন্তু প্রস্তুত নয় ইউরোপ

ইউরোপ এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকেই জয়ী হতে হবে নয়তো ইউরোপের কোনও দেশই আর নিরাপদ থাকবে না। এমনই সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই সতর্কবার্তা দিলেন। খবর বিবিসি।

ইউরোপীয় গনমাধ্যমকে ডোনাল্ড টাস্ক বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না। কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব আর এটা দুই বছর আগেই শুরু হয়ে গেছে।

ইউক্রেনের জন্য জরুরি সামরিক সহায়তার আবেদন জানিয়ে ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে আমরা সবচেয়ে সংকটময় মুহূর্তে বাস করছি।"

যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল সপ্তাহে বলেছেন, ন্যাটো দেশগুলির প্রতি মস্কোর কোন আগ্রাসী অভিপ্রায় নেই।

পুতিন জানান, ‘ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার। তবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করে, তাহলে সেগুলো দেখা মাত্রই গুলি করে ভূপাতিত করবে রাশিয়ার বাহিনী।‘

ইউক্রেনে সবশেষ প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা হামলা চালিয়েছিল রাশিয়া, যার ফলে বেশ কয়েকটি অঞ্চল আংশিক ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছে।

এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলছেন, ‘মস্কোতে কনসার্ট হলে হামলার ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই ইউক্রেইনকে দায়ী করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা বাড়ানোর ন্যায্যতা প্রমাণ করতে চাইবেন সেটি স্পষ্ট।‘

এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন টাস্ক।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক সবচেয়ে নিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।