রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে নয় জনকে আটক করেছে তাজিকিস্তান। গত সপ্তাহে তাদের আটক করা হয়।
শুক্রবার তাজিকিস্তানের বিশেষ পরিষেবার এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা আরআইএ নভোস্তি। খবর আল জাজিরা।
আরআইএ নভোস্তি জানায়, গত ২২শে মার্চ ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলাকারীদের সাথে যোগাযোগ থাকায় তাজিকিস্তানের ভাখদাত জেলার নয়জন বাসিন্দাকে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের আটক করার অভিযানে রাশিয়ার নিরাপত্তা বাহিনীও জড়িত ছিল।
ভাখদাত তাজিকিস্তানের রাজধানী দুশানবের পূর্বে অবস্থিত একটি অঞ্চল।
আরআইএ নভোস্তির তথ্যমতে, যাদের আটক করা হয়েছে তাদের সাথে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।
মস্কোতে প্রাণঘাতী এই হামলার পর রাশিয়াতে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে চারজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। এই চারজনই তাজিকিস্তানের নাগরিক। বাকি সাত সন্দেহভাজনের মধ্যেও কয়েকজন তাজিকিস্তানের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিল এবং হামলার পর বন্দুকধারীরা ইউক্রেনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রুশ তদন্তকারীরা জানিয়েছেন, তারা কনসার্ট হলে চালানো হামলায় বন্দুকধারীদের সঙ্গে ইউক্রেইনীয়দের যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন। তবে রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
গত শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলা ও বিস্ফোরণ ঘটায় একদল বন্দুকধারী সন্ত্রাসী। এতে অন্তত ১৪৪ জন নিহত হন। আহত হন আরও শতাধিক।
ওই হামলার ঘটনার দায় স্বীকার করেছিল আইএস। মূলত জঙ্গিগোষ্ঠীটির আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) ওই হামলা চালিয়েছিল