গ্রীনডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে অবশেষে পয়েন্ট খোয়ালো আবাহনী। ঐতিহ্যবাহী দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনার। দিনশেষে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরুর চার মিনিটেই এগিয়ে যায় আবাহনী। গোল করেন রকি। আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয় কোয়ার্টারও যায় গোলশূন্য অবস্থায়। তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে মোহামেডান। রাসের মাহমুদ জিমির নেওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিনুল ইসলাম। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।
চতুর্থ কোয়ার্টারে উঠে পড়ে গোলের চেষ্টা করে মোহামেডান। টেবিলের শীর্ষে থাকা আবহনীকে শেষ কোয়ার্টারে কিছুটা নিষ্প্রাণ মনে হয়। এই ম্যাচের আগেই বকেয়া পাওনার দাবিতে ক্যাম্প ছেড়ে দেওয়া মোহামেডানের খেলোয়াড়রা সভাপতির আশ্বাসের আবারও ক্যাম্পে ফিরেছিল। দলগতভাবে শেষ কোয়ার্টারে নিজেদের প্রমাণের জোর চেষ্টা দেখা যায় মোহামেডান শিবিরে।
লিগে টানা আট জয়ের পর প্রথম ড্র করল আবাহনী। ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। ৮ ম্যাচে জয় ও ২ ড্রতে ২০ পয়েন্ট মোহামেডানের। তাদের অবস্থান তিনে।