আদিতমারীতে তামাক ক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর রোমান মিয়া (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। আজ সন্ধ্যায় সেতুবাজার এলাকার একটি তামাক ক্ষেতে কিছু লোক কাজের সুবাধে গেলে অর্ধশরীর পুতে রাখা মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।

মরদের উদ্ধারের বিষয়টি আদিতমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহমুদ-উন-নবী নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।