মাঠের খেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে কোনোভাবেই সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে খেলার জায়গা খেলায় রেখে, সম্পর্কের দিক থেকে এগিয়ে থাকল বাংলাদেশ। বিশেষভাবে বললে স্বাগতিক দেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এগিয়ে থাকলেন। বন্ধুত্বের জায়গা থেকে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলিকে একটি এদেশীয় জামদানি শাড়ি উপহার দিয়েছেন জ্যোতি।
বিশ ওভারের সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলন ও ফটো সেশন করে দুই দল। দুই দলের অধিনায়ক এসময় উপস্থিত ছিলেন। এর এক ফাঁকে অজি অধিনায়ক হিলির হাতে জামদানি শাড়ী তুলে দেন জ্যোতি।
জামদানি শাড়ির আদি জন্মস্থান বলা হয় রাজধানী ঢাকাকে। জামদানি বুননের ক্ষেত্রে তৃতীয় একটি সুতা ব্যবহার করা হয়ে থাকে। এটি ইউনেস্কো কর্তৃক অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। বিশ্বব্যাপী বাংলাদেশের জামদানি নিয়ে আলোচনা হয়ে থাকে। এ দেশের ঐতিহ্যের সাথে জামদানি শাড়ি জড়িয়ে আছে।