গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা 

বগুড়ার আদমদীঘি সান্তাহারে গ্যাস ট্যাবলেট খেয়ে রোজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ)  দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার সকাল ১১ টায় সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খায় রোজিয়া বেগম। এ সময় পরিবারের লোকেরা জানতে পেরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রোজিয়া বেগম ওই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে রয়েছে।