ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইতিহাদে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। বর্তমানে পয়েন্ট টেবিলের যে অবস্থা, এই ম্যাচের ফলাফল বদলে দিতে পারে লিগের শিরোপা ভাগ্য। ২৮ ম্যাচ শেষে ৬৪ করে পয়েন্ট আর্সেনাল ও লিভারপুলের। এক পয়েন্টে পিছিয়ে ম্যানসিটি। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে মিকেল আর্তেতার আর্সেনাল।
যদি আজ ম্যাচটি হেরে যায় পেপ গার্দিওলার ম্যানসিটি তখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে পরবে তারা। আজ লিভারপুলেরও খেলা আছে ব্রাইটনের বিপক্ষে। যদি পয়েন্ট হারায় লিভারপুল তবে আর্সেনাল-সিটি ম্যাচে জয়ী দল এগিয়ে যাবে। আর্সেনাল-ম্যানসিটি ম্যাচ ড্র হলে বা আর্সেনাল হারলে আর লিভারপুল নিজেদের ম্যাচটা জিতলে তখন ক্লপের দল শীর্ষে উঠে যাবে।
এরপর শিরোপা দৌড়ে শীর্ষ তিনে থাকা আর্সেনাল, লিভারপুল ও সিটির আরও ৯টি করে ম্যাচ বাকি থাকবে প্রিমিয়ার লিগে। তবে এই তিনটি দলের নিজেদের মধ্যে আর কোনো ম্যাচ থাকবে না। ফলে তিন দলের যে দুটি পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকবে তাদের নিজেদের বাকি ম্যাচে জয় ছাড়াও অন্য দলের পয়েন্ট হারানোর জন্য বসে থাকতে হবে।
আজ আর্সেনাল-ম্যানসিটি ম্যাচে লড়াইটা দুই কোচেরও। সিটিকে গার্দিওলার সহযোগী হিসেবে কাজ করেছেন আর্তেতা (২০১৬-১৯ পর্যন্ত)। গার্দিওলার সঙ্গে আর্তেতার পরিচয়টা আরও আগের। সেই ১৯৯৭ সাল থেকে। তখন আর্তেতা যোগ দিয়েছিলেন বার্সেলোনার অ্যাকাডেমিতে। আর বার্সার অধিনায়ক ছিলেন আর্তেতার আইডল গার্দিওলা।
ম্যাচ নিয়ে আর্তেতা বলেন, ‘দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ তাতে সন্দেহ নেই। যদি আমরা জিততে পারি এটি শিরোপা দৌড়ে আমাদের এগিয়ে দেবে যদিও এখনো অনেকটা পথ বাকি। আমরা এখন যে অবস্থানে আছি এর জন্য কষ্ট করেছি। ম্যাচটা উপভোগ করতে চাই। দেখা যাক কী হয়।’
এই ম্যাচে কোনো একটি দলকে এগিয়ে রাখা মুশকিল। প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। এই সময়ে গোল করেছে ৩৩টি, হজম করেছে মাত্র চারটি। এই দুই দলের সবশেষ মুখোমুখিতে জিতেছিল আর্সেনাল। লিগে নিজেদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছিল আর্তেতার দল। তবে ম্যানেস্টার সিটি ঘরের মাঠে সবশেষ ম্যাচ হেরেছে ২০২২-এর নভেম্বরে। আর আর্সেনালের বিপক্ষে ইতিহাসে শেষ আট ম্যাচেই জয় পেয়েছে সিটিজেনরা। সর্বশেষ তারা হেরেছিল গানার্সদের কাছে, ২০১৫-এর জানুয়ারিতে।
গার্দিওলা বলেন, প্রিমিয়ার লিগে আর ১০ ম্যাচ বাকি আছে। এটাই গুরুত্বপূর্ণ সময়। ‘আমরা শীর্ষে থাকা দলের বিপক্ষে ম্যাচটা খেলব আমাদের মাঠে, আমাদের দর্শকদের সামনে। আমি নিশ্চিত সমর্থকরা আমাদের সেটি (জোরালো সমর্থন) দেবে যা আমাদের দরকার হবে সেরা পারফর্মটা করতে।’
ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন কেভিন ডি ব্রুইনে। আর্সেনালের বিপক্ষে ২০ ম্যাচ খেলে আট গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন ডি ব্রুইনে। ফিফা উইন্ডোতে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ম্যানসিটি ও আর্সেনালে খেলা বেশ কয়েকজন। গার্দিওলা এই ম্যাচে পাচ্ছেন না কাইল ওয়াকার ও জন স্টোনসকে। ফিট হলে গ্যাব্রিয়েল মাগালেস ও বুকায়ো সাকা আর্সেনালে খেলবেন।