ঈদ সামনে রেখে গরীব ও অসহায়দের জন্য বরাদ্দকৃত ৬ হাজার বস্তা সরকারি চালসহ এম.ভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রবিবার (৩১মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটি পৌঁছালে এম,ভি শাহজাদা-৬ নামের অপর একটি কার্গো জাহাজের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হয়নি বলে জানিয়েছেন নৌ পুলিশ।
এদিকে ধাক্কা দেয়ার অপরাধে এম. ভি শাহজাদা ৬ কার্গো জাহাজটিকে সন্ধ্যায় আটক করেছে নৌপুলিশ। মোংলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ এস. আই সৈয়দ ফকরুল ইসলাম রাত ১০টায় এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌপুলিশ কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গরীব অসহায়দের জন্য রবিবার (৩১মার্চ) সকালে খুলনার সরকারী খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তার ১৭৫মেট্টিক টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্য এম. ভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এরপর বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পিছন দিক থেকে আসা এম. ভি শাহাজাদা ৬ নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ এম. ভি সাফিয়া। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় এম. ভি শাহজাদা-৬ নামের কার্গো জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে রবিবার সন্ধ্যার আটক করা হয়েছে। আগামীকাল সকাল থেকে সরকারি চাল উদ্ধারের কাজ শুরু হবে বলে জানা গেছে।