তাজমহল দেখতে গিয়ে বন্দি, ১৮ বছর পর মুক্ত বাদল

বাদল নিজ বাড়িতে পৌঁছালে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে এই প্যারোলে মুক্তিতে খুশি হতে পারেনি পরিবার। বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাগেরহাট জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গ্রামের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীর উদ্দেশে নিয়ে যায় পুলিশ।

১৮ বছর পর বাদল নিজ বাড়িতে পৌঁছালে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে এই প্যারোলে মুক্তিতে খুশি হতে পারেনি পরিবার। বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে বাদলকে সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ২টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থায় প্রিজন ভ্যানে করে বাদল ফরাজিকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়।

বাদলের মা শেফালী বেগম বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন।

আমার ছেলেটাকে এক মাসের জন্য প্যারোলে পেয়েছি। আমি চাই, তাকে স্থায়ীভাবে ফিরে পেতে। সে যেন আমার কোলে থাকতে পারে, আমি যেন তাকে মাথায় হাত বুলিয়ে রাখতে পারি। ওর বাবা মারা গেছেন। আমিও মৃত্যুর সঙ্গে লড়াই করছি। কখন মারা যাই, বলতে পারি না। ছেলেটার মুখ দেখে আমি মরতে চাই।’

বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, ‘এত বছর বিচ্ছেদের পর ভাই ফিরছে, কিন্তু আমরা কখনোই চাইনি সে কয়েক দিনের জন্য আসুক। আমাদের প্রত্যাশা ছিল, ভাই স্থায়ীভাবে মুক্তি পেয়ে ফিরবে।

তবে মা অসুস্থ থাকায় আমরা প্যারোলের জন্য আবেদন করেছিলাম। সে কারণে এক মাসের প্যারোল দেওয়া হয়েছে। মায়ের বয়স হয়েছে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাবা ছেলেকে না দেখেই মারা গেছেন। এখন মা-ও যদি ছেলেকে না দেখে চলে যান, তাহলে এই কষ্ট রাখার জায়গা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এত বছর ধরে চেষ্টা করেও ভাইকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারিনি। এখন শেষ সময়ে এক মাসের জন্য মুক্তি পাচ্ছে, তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি। কিন্তু আমরা চাই, সরকার যেন আমার ভাইয়ের স্থায়ী মুক্তির ব্যবস্থা করে। সারা দেশের মানুষ জানে, আমার ভাই অপরাধী নয়, সে নির্দোষ।

প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ থাকার পরও সে এখনো মুক্তি পায়নি। বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরার সময় তার অনেক আশা ছিল, নিজের দেশ ও দেশের মানুষ তার কষ্ট বুঝবে। ভারতের কারাগারে সে অনেক পড়াশোনা করেছে। কিন্তু দেশে ফিরে তার সেই আশা পূরণ হয়নি, বরং কষ্ট বেড়েছে।’

আকলিমা বলেন, ‘৫ আগস্ট অনেক বন্দী মুক্তি পাওয়ার পর আমরা আশাবাদী হয়েছিলাম, এবার হয়তো আমার ভাইও ফিরবে। কিন্তু তা হয়নি। সে কারাগারেই থেকে গেছে। এখন এক মাসের জন্য বাড়ি আসছে, এরপর আবার চলে যাবে। আমরা চাই, সে স্থায়ীভাবে আমাদের কাছে ফিরে আসুক।’

বাদল ফরাজির শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান মোংলা সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসেন বলেন, ‘বাদল এই প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী ছিল।

এখানে পড়ার সময় তার ফলাফল ভালো ছিল। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিত। আমার জানামতে, সে কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। অত্যন্ত ভদ্র ছেলে ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই তার বাড়ি হওয়ায় তাকে আমি ভালোভাবে চিনতাম। তার মধ্যে কখনো খারাপ কোনো উদ্দেশ্য বা আচরণ দেখিনি।’

তিনি আরও বলেন, ‘ভারতে তাজমহল দেখতে গিয়ে সে এমন একটি মামলায় জড়িয়ে পড়েছে, বিষয়টি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। আমার দৃষ্টিতে বাদল এ ধরনের ছেলে ছিল না। আমি চাই, সে মুক্তি পাক এবং মায়ের কাছে ফিরে যাক। তার বাবা মারা গেছেন, মা-ও খুব অসুস্থ। সে যেন সঠিক ও ন্যায্য বিচার পায়।’

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুই বন্দী সাহেদুল আফজাল ও বাদল ফরাজিকে গাজীপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন।

তারা বাগেরহাটের বাসিন্দা হওয়ায় দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাট জেলা কারাগারে পৌঁছেছেন। প্যারোলের শর্ত অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্যারোলের সব শর্ত মেনে মুক্তির সময়টুকু অতিবাহিত করবেন।’

প্রসঙ্গত, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল ফরাজি। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত