দুই বছর আগে ঋষি পুত্রের সঙ্গে মহেশ ভাট কন্যার দীর্ঘ দিনের সম্পর্ক পরিণতি পেয়েছে। তখন থেকেই ‘রণলিয়া’ জুটিকে ঘিরে রয়েছে ক্যামেরার চোখ। গত বছর তাদের ঘরে আশে কন্যাসন্তান রাহা কাপুর। এই মুহূর্তে স্ত্রী, কন্যাকে নিয়ে ঘোর সংসারী রণবীর কাপুর।
যদিও এক সময় তার একাধিক প্রেম সম্পর্কে নিয়ে চর্চার অন্ত ছিল না বলিউডে। অভিনেত্রী নার্গিস ফাখরি কিংবা পোশাকশিল্পী নন্দিতা মাহথানি অথবা সোনম কাপুর— একাধিক বলি সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে তার। সব থেকে আলোচনায় ছিল দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত আলিয়াতে এসেই দাঁড়ি টেনেছেন অভিনেতা। কিন্তু এবার রণবীরকে নিয়ে একটি গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতার মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা কাপুর।
সম্প্রতি মা ও বোনকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোতে আসেন রণবীর। সেখানেই কপিলের নানা প্রশ্নের উত্তর দেন রণবীর-নীতুরা। সেখানেই অভিনেতার মা জানান, রণবীর নাকি তার প্রেমিকাদের মায়ের গয়না চুরি করে উপহার দিতেন। এমনকি, দিদির জামাকাপড়ও দিয়ে দিতেন।
রণবীরের বোন বলেন, ‘প্রায়শই বান্ধবীদের বাড়িতে নিয়ে আসত। আমি অবশ্য তাদের জামা-কাপড়টাই বেশি করে লক্ষ করতাম। দেখে নিতাম, আমার জামা পরেই আবার চলে আসেননি তো!’
ঋদ্ধিমার কথার রেশ টেনেই নীতু বলেন, ‘আমি বেশ কিছু মেয়ের কানে, গলায় আমার গয়না দেখেছি। আমি দেখে মনে মনে ভাবতাম, এগুলো তো আমার!’ যদিও এই প্রসঙ্গে রণবীরের যুক্তি, তিনি ভাবতেন, তার প্রেমিকা যিনিই হোন না কেন, একদিন তিনি তো পুত্রবধূ হবেনই তার মায়ের। সেই কারণে এ সব জিনিস উপহার দিতেন।